গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে ছেলে ও পরে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর মা ও দুই নবজাতক সুস্থ রয়েছে। পরে তাদের বাড়িতে নেয়া হয়েছে।

জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পেরিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছলে এক নারীর প্রসব বেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাকে দ্রুত হাসপাতালে নেয়ার সুযোগ ছিল না। একপর্যায়ে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন।

ওই নারীর স্বামী মনোয়ার হোসেন বলেন, ‘অসুস্থ স্ত্রীকে সিজার করার জন্য গাইবান্ধায় নিয়ে যাওয়ার সময় পথে তার প্রসব বেদনা শুরু হলে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন।’