দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁদপুর ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—
কুড়িগ্রাম: জেলার উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি ঢাকাগামী বাস উল্টাপথে মোড় ঘুরতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর কাভার্ড ভ্যানের সামনে দাঁড়ানো দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি আরেকটি লোকাল বাসের ওপর পড়ে। এ সময় পাশে থাকা ইঞ্জিনচালিত ভ্যানচালক দোলা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চাঁদপুর: জেলার হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তরিকের বাইসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া: জেলার দুপচাঁচিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকচালক আব্দুল করিমকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।










