গবেষণালব্ধ উদ্ভাবনের সুরক্ষা, মেধাস্বত্বের যথাযথ ব্যবস্থাপনা এবং কৃষিপ্রযুক্তির বাণিজ্যিকীকরণে গবেষক ও সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস—আইপিআর) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং প্রকল্পের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক এবং কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। প্রধান অতিথি উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের প্রকৃত সার্থকতা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। গবেষকদের সৃজনশীলতা ও মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি উদ্ভাবনের সুরক্ষা, গোপনীয়তা এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর সম্পর্কে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।’

উপাচার্য আরো বলেন, ‘পেটেন্ট অর্জন ছাড়া বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমভাবে গ্রহণযোগ্য হবে না। তাই গাকৃবির উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলোর পেটেন্ট অর্জন করতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে।’

অনুষ্ঠানে হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি, ফিশারিজ, বন ও পরিবেশ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রশিক্ষণ দেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, উপ-প্রকল্পের সহকারী ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর ড. ফয়েজ আহমেদ প্রধান এবং ড. মুহাম্মদ জিয়াউল হক।

প্রশিক্ষণে মেধাস্বত্বের মৌলিক ধারণা ও কৃষি উদ্ভাবনের সঙ্গে এর সম্পর্ক, গবেষণালব্ধ উদ্ভাবনের গোপনীয়তা রক্ষা, গবেষণার তথ্য-উপাত্তের নৈতিক ব্যবহার, গবেষণাসামগ্রী ব্যবস্থাপনা, জার্মপ্লাজম হস্তান্তর, ম্যাটেরিয়াল ট্রান্সফার এগ্রিমেন্ট (এমটিএ) এবং ল্যাবরেটরি ও মাঠপর্যায়ের গবেষণা প্রটোকল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গবেষণাসামগ্রী ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ এবং উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।