বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৭ আগস্ট বুধবার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। সেই হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় আজ পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৭ আগস্ট থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে।