অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি বিশেষ প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তায় তাদের পাঠানো হয়। বেলা দেড়টার দিকে প্রদীপ ও লিয়াকত আলীকে বহনকারী প্রিজন ভ্যানটি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার কারাগারে স্থায়ী কনডেম সেল না থাকায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে পাঠানো হয়। সেখানে তাদের ৩২ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে। এর আগে শুক্রবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ব্যবস্থাপনায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড পরোয়ানা কপি কারাগারে পৌঁছায়। পরোয়ানা কপি পাওয়ার পর কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে পাঠায়।










