আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ংকর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। তারা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আগামীকাল ৩০ জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।










