বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজনে গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
এ সময় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘এই আন্দোলনে বিএনপির কোনো নেতাই মুচলেকা দেননি। গোটা দেশ নেমে এসেছিল রাজপথে। জুলাই অভ্যুত্থানে যুবদলের ৭৯ জন এবং ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। যার যা অবদান আছে, তাকে তা স্বীকার করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে।’
ফখরুল আরো বলেন, ‘কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি, শিশু-বৃদ্ধ সবাই অংশ নিয়েছিল। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।’










