ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের স্থানে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ আরো জানান, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন গুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে।