জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে।’
তিনি গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা সুমন। সমাবেশ পরিচালনা করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ‘ব্যর্থতার পরিচয় দিয়েছে’ অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে বলেছেন, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আগামী ৩ আগস্ট তারাই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সেরে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন চূড়ান্ত করতে চান বলে সম্প্রতি জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে।’
সুনামগঞ্জ নিয়ে তিনি বলেন, ‘সুনামগঞ্জের মানুষ সবসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণ-অভ্যুত্থানই নয়, ২০২১ সালের মোদিবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এ জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছেন। ২৪-এর অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন সুনামগঞ্জের তিনজন—শহীদ আয়াতুল্লাহ, শহীদ হৃদয়, শহীদ সোহাগ। আমরা তাদের ঋণ শোধ করতে পারব না। তাদের স্বপ্নের ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব।’
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সবাই ভেবেছিল ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দেখা গেল মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে আবারো ফ্যাসিস্ট পুনর্গঠিত হচ্ছে। বাংলাদেশ ও রাজনীতির স্বার্থে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে।’
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের জন্য যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।’
সুনামগঞ্জকে তারা নতুন করে গড়ে তুলবেন বলে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মুজিববাদ নানা ছলেবলে মাথাচাড়া দেয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে একদলীয় শাসন ব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশকে ভারতের কাছে বর্গা দেয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।’
জেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচির শুরু হয়। জুমার নামাজের পর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতারা।









