ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাসচাপায় পিকআপ ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত পিকআপ ট্রাকের চালক মো.বাচ্চু মিয়া (৩৭) ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক (৩৯) ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুন্সিবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি পিকাপ ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মাদারীপুরের শিচবরের মুন্সিবাজার নামক স্থানে আসলে অজ্ঞাত গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দিলে পিকাপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে চালক মো. বাচ্চু মারা যান। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে পিকআপের হেলপার মানিকের মৃত্যু হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাতে তারা দক্ষিণবঙ্গের কোনো এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশার কারণে দেখতে না পেয়ে পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলে এ দর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার উপ-সহকারি পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যান তাই। এ সময় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি আমাদের থানায় রয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন,ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয়, তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি।পরে ১ ঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।










