উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে রংপুরের বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১০ আগস্ট) রংপুরের পীরগঞ্জ উপজেলার
জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান। পরে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা।
জিয়ারত শেষে ড. ইউনূস বলেন, বাংলাদেশে জাতি-ধর্ম
নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার
হোক—
সবার
ঘরের সন্তান এই আবু সাঈদ।
এরপর আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন
ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে
আন্দোলন জোরদার করা হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে গত বৃহস্পতিবার রাতে
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।










