চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলা কেটে শিশু কন্যা ইরা হত্যার মূল আসামি বাবু শেখকে গ্রেফতার করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের মূল আসামি বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। গত রোববার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

চমেক সূত্রে জানা গেছে, গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর দেখে রোববার রাতেই অস্ত্রোপচার করা হয়। এতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। সোমবার শিশুটিকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটির শ্বাসনালি কাটা গিয়েছিলো। মারা যাওয়ার আগে সে কোন কথা বলতে পারেনি।