নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমরা রাজনীতি করি। দেশে নির্বাচন হবে এবং নির্ধারিত সময়েই হবে। এক সেকেন্ডও এদিক-সেদিক হবে না। সেই নির্বাচনে বিএনপিসহ সব দলই আসবে বলে আমার ধারণা।’

গতকাল নারায়ণগঞ্জের কুতুবপুরে নবনির্মিত রাস্তাঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘নির্বাচন ছাড়া কোনো গতি নেই। যদি বিএনপি নির্বাচনে না আসে, সেটা তাদের সিদ্ধান্ত।’

নিজের নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘কুতুবপুর এলাকায় রাস্তা ছিল না। রাস্তার ওপর পানি জমে থাকত। সেই রাস্তা পাকা হয়েছে, মানুষের মুখে হাসি দেখতে পাচ্ছি। এ হাসি দেখার জন্যই আমরা রাজনীতিবিদরা কাজ করি।’

শামীম ওসমান বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডকে আমরা এমনভাবে সাজাচ্ছি, যাতে আর কাউকে ঢাকায় যেতে না হয়। এ লিংক রোডে বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইনস্টিটিউট, মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠবে। যাতে নারায়ণগঞ্জের মানুষ গর্ব করে বলতে পারে, আমাদের নারায়ণগঞ্জ।’

এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, কুতুবপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু প্রমুখ।