বিগত সময়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন এরই মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই বা এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট বা টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।
এতে বলা হয়, তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এও দেখা যাচ্ছে যে তারা ফৌজদারি, আর্থিক, নৈতিক স্খলন, আচরণগত বা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন।
তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল বা প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালের অধীনে বিচারাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে।
এরই মধ্যে গত ২৯ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মুখে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের নিকট গিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেছেন।
চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।










