দেশের সব বস্ত্র ও পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে
শ্রমিক-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা ও তিনদিন সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে
এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি
(বিজিএমইএ) এক বার্তায় জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের
সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সব
পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো।
এদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সেক্রেটারি
জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি
এবং ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে বিটিএমএর সদস্যভুক্ত
সব কারখানা বন্ধ থাকবে।
পরিস্থিতি এবং সরকারের ঘোষণার প্রেক্ষাপটে কারখানা খোলার সিদ্ধান্ত
গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে জানান তিনি।










