পারিবারিক কলহের জেরে নাটোর শহরের উপকণ্ঠে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুস সাত্তার নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন সদর উপজেলার গোয়ালডাঙ্গা এলাকার নেছের প্রামাণিকের মেয়ে মাছুরা বেগম (২০) ও তার শিশুকন্যা মাহমুদা খাতুন (৩)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে পারিবারিক কলহের জের ধরে জেলা শহরের উত্তর চৌকিরপার এলাকার কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার তার স্ত্রী মাছুরা বেগম ও তিন বছরের শিশুকন্যা মাহমুদা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। বিষয়টিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য মরদেহে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখেন। পরে আব্দুস সাত্তারের বোন গিয়ে তাদের মরদেহ নামিয়ে নিজ ঘরে রাখেন। ওই বাড়িতে কাউকে প্রবেশ করতে না দেয়ায় প্রতিবেশীরা প্রথমে বিষয়টি জানতে পারেননি।
গতকাল দুপুরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিজ বাড়ি থেকেই আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের ও সদর থানার ওসি মুনছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত মাছুরার পিতা নেছের প্রামাণিক বলেন, কয়েক দিন আগে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তার মেয়ে। কিস্তির দিন এলেই তাদের মধ্যে ঝগড়া হতো। এ নিয়েই বিরোধ চলে আসছিল।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের বলেন, আমরা একজনকে আটক করেছি। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।









