বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানসহ দলটির প্রায় আড়াইশ নেতাকর্মী জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক কয়েকটি আদালত গতকাল তাদের জামিন মঞ্জুর করেন। শেখ হাসিনা সরকারের সময় দায়ের করা মামলায় তাদের আসামি করা হয়েছিল। 

বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত প্রায় আড়াইশ নেতাকর্মী জামিন পেয়েছেন। আশা করি দ্রুতই তারা কারাগার থেকে বের হতে পারবেন।’ 

জামিনপ্রাপ্ত বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ডাক্তার রফিক, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তারা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।