চলমান পরিস্থিতিতে দেশের সংখ্যালঘু অধ্যুষিত সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি এসব এলাকার জনশৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিজিবি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি বলছে, সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বিজিবি। সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়সহ অন্যান্যদের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে তারা।

এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে গণসংযোগ চালানো হচ্ছে বলে জানায় বাহিনীটি। সেখানকার সংখ্যালঘু নাগরিকদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বলেও জানায় তারা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সারাদেশের সীমান্তবর্তীসহ বিভিন্ন থানার কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। গণসংযোগ ও মতবিনিময় সভা করে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিজিবি সবসময় সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে জানিয়ে এই কর্মকর্তা আরো বলেন, ঢাকা ও আশপাশের জেলার পোশাক কারখানা নিরাপত্তায়ও সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে বিজিবি।

মায়ানমারে চলমান সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতেও স্থল ও নৌ টহল জোরদার করা হয়েছে বলে জানাচ্ছে বিজিবি।