কক্সবাজারের চকরিয়ায় পিকআপচাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় আটক চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব কুমার দেব এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, দেড়টার দিকে বিচারক রাজীব কুমার দেবের আদালতে পিকআপচালক সাইফুলকে হাজির করা হয়। ঘটনার মূল রহস্য জানতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে ট্রাকচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে বাবা ডা. সুরেশ চন্দ্র শীলের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে পূজা দিতে চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন পাঁচ ভাই ও দুই বোন। রাস্তা পার হওয়ার সময় তারা এক পাশে দাঁড়ালে একটি দ্রুতগতির পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলে চার ভাইয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও এক ভাই মারা যান। নিহতরা হলেন, অনুপম চন্দ্র শীল, নিরুপম চন্দ্র শীল, দীপক চন্দ্র শীল, চম্পক চন্দ্র শীল ও সরণ চন্দ্র শীল।