দলের বর্ধিত সভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে এই বর্ধিত সভা আয়োজন করা হবে। তবে সভার স্থান এখনও চূড়ান্ত হয়নি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রুহুল কবির রিজভী জানান, বর্ধিত সভায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা অংশ নেবেন। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব; উপজেলা, থানা ও পৌর বিএনপি’র সভাপতি/ আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/ সদস্য সচিব, কেন্দ্রীয় ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/ আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন পাওয়া দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন।