ছাত্র আন্দোলনে সময় আহতদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন। এক বার্তায় তিনি বলেছেন, আমাদের সহযোদ্ধারাই গণঅভ্যুত্থানকে সফল করেছেন। এখনো যেসব আহত সহযোদ্ধারা হাসপাতালে কাতরাচ্ছেন, তাদেরকে সহযোগিতা করুন। তারাই এই নতুন বাংলাদেশ তৈরির কারিগর। তারাই জীবন বাজি রেখে বিজয় ছিনিয়ে এনেছেন।

সবাইকে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে গিয়ে আহতদের খোঁজ নেয়ার আহ্বান জানিয়ে অয়ন বলেন, তাদের সরাসরি সহযোগিতা করুন। দেশের প্রয়োজনে নিবেদিত এই প্রাণগুলো বার বার ঝাঁপিয়ে পড়বে।

যার যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, তাদেরকে সুস্থ করে তুলুন।

আন্দোলনে নিহতদের প্রসঙ্গে বার্তায় বলা হয়, যেসব সহযোদ্ধা রাজপথে শহীদ হয়েছেন, তাদের রক্তের দাম আমরা কখনোই শোধ করতে পারব না। সেসব শহীদদের পরিবারের পাশে দাঁড়ান। তাদের শোক কাটিয়ে উঠতে সাহায্য করুন।

আন্দোলনের এই সমন্বয়ক আরো বলেন, নতুন বাংলাদেশ তৈরির যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত।