অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনারা দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিন।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রেলওয়ে স্টেশন মাঠে মোহনগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, ‘জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। চাকরির ব্যবস্থা করা হবে।’ দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, তাই সে ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন সাবেক এ প্রতিমন্ত্রী।

উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, মেজর (অব.) সৈয়দ আবু বক্কর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনিসহ অন্যান্যরা।