বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। পুলিশ যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না। তাই দেশের আইনশৃঙ্খলা খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কাউকে দায়িত্ব দেয়া উচিত যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে ভোলায় ৩ দিন দিনের সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পার্থ বলেন, ‘বিগত সরকারের অবৈধ অর্থ আছে। দেশের একটা পরিস্থিতি খারাপ হলে বেনিফিট তারাই পাবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না। আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে।’
ছাত্রদের দল সম্পর্কে বিজেপির চেয়ারম্যান বলেন, ‘গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে। গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে, তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। দ্রুত তা সমাপ্ত করতে হবে।’
আন্দালিব রহমান পার্থ আরো বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানে পরে আরো ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে।’
এর আগে ঢাকা থেকে রওনা দেয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন। আগামী ৩ দিন দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের কথা রয়েছে তার।










