সমাবেশ আয়োজনের জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়েছে ছাত্রদল। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ করার কথা ছিল সংগঠনটির। তবে এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘আমরা ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও পাই। তাই শহীদ মিনারে সমাবেশ করার আমরাই বৈধ দাবিদার। তার পরও উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী, পরমতসহিষ্ণু ও গ্রহণযোগ্য সব মত-পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে এনসিপির অনুরোধে আমরা ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে।’
ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগে সমাবেশের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন রাকিব। ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা চাইলে সমাবেশটি পূর্বঘোষিত স্থানেই করতে পারতাম। কিন্তু আমরা কাঁটার বদলে ফুল দিলাম; উসকানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি, ছাত্রদল উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। যারা অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি, এ উদারতার পর নিজেদের সংবিৎ ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন।’










