অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণের প্রতি শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, থামুন। শান্ত হোন, সরকারকে কাজ করতে দিন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে মাহফুজ আলম বলেন, বিচার ও সংস্কার হবেই। আমি জানি, এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।
জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে— এমনটি উল্লেখ করে মাহফুজ বলেন, এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।
হঠকারিতা না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো।
ফেসবুকের পোস্টের শেষ অংশে নতুন সমাজ ও রাষ্ট্র গড়ার অঙ্গীকার করে উপদেষ্টা বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নাই।










