দেশে চলমান পরিস্থিতিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা জানতে চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। জবাবে এক রুলে আপিল বিভাগ জানিয়েছেন, চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পড়ানোর আগে এর আইনি বৈধতা জানতে চান রাষ্ট্রপতি। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি এর বৈধতার পক্ষে মত দেন। শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন মতামত দেয়ার কথা নিশ্চিত করে। তারা জানায়, রাষ্ট্রপতি বলেছেন, এখন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ নেই। এ অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার।

পরে তারা আলোচনা করে এই মতামত দেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লিখিত প্রশ্নের বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত দিচ্ছে যে, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কাজ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন।