নাটোরের বড়াইগ্রামে থার্টিফার্স্ট নাইটে বন্ধুদের সঙ্গে পিকনিক করার সময় তিনতলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
ইশতিয়াক বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে সরদারপাড়া মহল্লায় বন্ধু অনিকের বাসার ছাদে পিকনিকে অংশ নেয় ইশতিয়াক। এ সময় মোবাইল দেখতে দেখতে সে ছাদের কিনারায় দাঁড়িয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










