দেশের সংস্কার শেষ করার পরই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। সঠিক পথে সংস্কার শেষ করেই আমরা নির্বাচন দিকে যাব।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, উত্তরবঙ্গের জেলা ও উপজেলাগুলো এতদিন অবহেলিত ছিল। বর্তমান সরকার এগুলোতে উন্নয়ন কার্যক্রম চালাবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে।
তিনি উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।
সরকারি কর্মকর্তাদের ঠিকাদারি কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হচ্ছেন। এটি বন্ধে আমরা কাজ করব।
গণ-অভ্যুত্থানে আহতদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা আহতদের সঙ্গে কথা বলেছি। তাদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং শীতার্তরা উপস্থিত ছিলেন।










