যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে মিরাজ হোসেন চয়ন (১৭) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল নদের কদমতলা-মাশিলা সড়কের ধুনারখাল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরাজ হোসেন উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা পূর্বপাড়া গ্রামের সবুজ হোসেনের ছেলে।

উদ্ধারের সময় একটি প্লাস্টিকের সাদা বস্তার মধ্যে থাকা মরদেহটির সঙ্গে দুটি ইট এবং একজোড়া জুতা রাখা ছিল। বস্তার মুখ মোবাইলের চার্জারের তার দিয়ে বাঁধা এবং নদের পাড়ে ঘাসের ওপর নিহতের ব্যবহূত স্মার্ট ফোনটি রাখা ছিল। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরীসহ পিবিআই, সিআইডি ও পুলিশের বেশ কয়েকটি দল এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে এক নারী ওই স্থানে নিজের জুতা পানিতে পরিষ্কার করতে যান। তিনি সেখানে নদের নতুন খননকৃত (চৌগাছা এলাকায় কপোতাক্ষ নদ খনন চলছে) অংশের কিনারে পানিতে প্রায় ডুবন্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পান। একই সঙ্গে পাশেই নদের তীরে একটি স্মার্ট ফোন পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের বিষয়টি জানালে তারা থানায় খবর দেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করলে সেটির মধ্য থেকে চয়নের মরদেহ, একজোড়া জুতা ও দুটি নতুন ইট বের হয়ে আসে। এ ব্যাপারে চৌগাছা থানার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে নদে ফেলে রেখে গেছে কে বা কারা। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেছেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।