জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে এবি পার্টি সম্মত বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত‍্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে দলের প্রতিনিধিত্ব করেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

এদিন অধ্যাপক ড. আলী রীয়াজ সভার শুরুতে এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরে বক্তব‍্য দেন।

এরপর দলের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে নির্বাহী বিভাগের নামে মূলত শেখ হাসিনার একক পছন্দেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় নিয়োগ দেয়া হয়েছে। ফলে ফ‍্যাসিবাদী আমলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে পর্যন্ত বলতে শোনা গেছে, তিনি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। তেমনিভাবে দলান্ধ অযোগ্য লোকদের নিয়োগ দেয়ার কারণে পিএসসি’র প্রশ্নপত্র ব‍্যাপকহারে ফাঁস হয়েছে, যা নজিরবিহীন।

তিনি বলেন, সহ্স্র প্রাণ ও রক্তের সাগর পেরিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে তাকে তাৎপর্যপূর্ণ করতে হলে অবশ‍্যই সংস্কার অপরিহার্য। সে কারণেই এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতিতে এবি পার্টি সম্মত।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির পদটি সত্যিকার অর্থে ক্রিয়াশীল করতে নির্বাচনের পদ্ধতির পাশাপাশি তার কার্যক্রমের গুনগত পরিবর্তন আবশ্যক। না হলে একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি একজন প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে অকার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন।

বৈঠক শেষে এবি পার্টির নেতারা উপস্থিত সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান ব্রিফ করেন।