অনুমোদন ছাড়াই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে মশার কয়েল তৈরি করছিল কেরানীগঞ্জ বিসিকের সুনন ইন্টারন্যাশনাল। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা এ জরিমানা করেন।

অভিযানে দেখা যায়, ড্রাগন ব্র্যান্ডের জন্য সিএম লাইসেন্স থাকলেও প্রতিষ্ঠানটি ড্রাগন গুইলাইনসহ আরো কয়েকটি ব্র্যান্ডের মশার কয়েল তৈরি করছিল। এতে অননুমোদিত ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল, যা বিএসটিআই ও খামারবাড়ির অনুমোদিত উপাদান নয়।

বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান ও মো. তারেক রহমান দায়িত্ব পালন করেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান চলবে।