অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও পুলিশের বরখাস্তকৃত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানের মাধ্যমে তাদের চট্টগ্রাম নেয়া হয়।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের কারাগারে স্থায়ী কনডেমড সেল না থাকায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাঠানো হয়। সেখানকার ৩২ নম্বর কনডেমড সেলে তাদের রাখা হয়েছে।

গতকাল শুক্রবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ব্যবস্থাপনায় এ দুই আসামির মৃত্যুদণ্ডের পরোয়ানা কপি কারাগারে পৌঁছায়। পরে কারা কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আসামিদের চট্টগ্রাম কারাগারের কনডেমড সেলে পাঠান।  

এদিকে প্রদীপ কুমার দাশের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন জানান, সার্টিফাইড কপি হাতে পেলে তারা মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। আগামীকাল রোববার রায়ের কপি হাতে পেতে পারেন বলেও আশা করেন তিনি।

গত ৩১ জানুয়ারি সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে ফাঁসির আদেশ দেয়া হয়। এছাড়া হত্যা মামলার আরো ছয় আসমিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।