‘শিক্ষা ঐক্য মুক্তি’ শ্লোগান নিয়ে নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন এ ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়াম। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রিফাত রশীদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে নতুন ছাত্র সংগঠনের ঢাবি কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ও মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

নেতারা জানিয়েছেন, ছাত্রসংগঠনটির নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তারা। নতুন ছাত্রসংগঠন কারো লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।

এর আগে কমিটি ঘোষণার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।