কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরাদুল মুস্তাকীম মুরাদ।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল দশটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকাল সাড়ে তিনটায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

নবনির্বাচিত কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি দেশ রুপান্তরের নাঈমুর রহমান রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের রকিবুল হাসান, অর্থ সম্পাদক দৈনিক কালবেলার আবু শামা, দপ্তর সম্পাদক দৈনিক সংবাদের চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ, তথ্য ও পাঠাগার সম্পাদক দৈনিক খোলা কাগজের হাসিবুল ইসলাম সবুজ, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের আনিসুর রহমান ও দৈনিক রূপালী বাংলাদেশের জাহিদুল ইসলাম।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান মাহমুদুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকতা পেশা একটা মহান পেশা, যদি আমরা তা ঠিকমতো করতে পারি। সাংবাদিকতার কিছু নীতি আছে। এ নীতিগুলো মেনে আমরা যদি করতে পারি তাহলে ভালো কিছু করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা থেকে অনেক বড় বড় সাংবাদিক এসেছে এবং বড় বড় পর্যায়ে আছে।