চার দিন পর সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার কার্যক্রম আজ শুক্রবার (৯ আগস্ট) চালু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সদস্যদের পরিবারের ট্রমাটাইজড থাকার কথা জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সত্যিকারভাবে আমরা ট্রমাটাইজড। তার মধ্যেই আমরা জনগণের প্রয়োজনে কাজ করি। আমাদের ব্যর্থতা, এ কথা আমরা অনেক সময় জনগণকে বোঝাতে পারি না। আজকেও ফিরে আসা জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করেছে, পুলিশ না থাকলে কী হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা।
সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যখন সারা বাংলাদেশে জ্বালাও-পোড়াও হচ্ছিল, তারা একেবারে স্বর্গীয় দূত হিসেবে থানার গেটে দাঁড়িয়ে আমাদের রক্ষা করেছেন। তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। প্রথমে আমি স্মরণ করি, বিগত দিনে আমরা একসঙ্গে কাজ করেছি, এরকম অনেক সদস্য এখন নেই। এখন আমার হৃদয় ভারাক্রান্ত। পুলিশে আমি আজ ২৩ বছর। একসঙ্গে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল এখন সে নেই।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা যেহেতু স্বল্প পরিসরের, সব সময় কমান্ডে কাজ করি। একটা চেইন অব কমান্ড কাজ করে। আমরা এর আগেও যা করেছি, অর্ডারে করেছি, আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে এসেছি। এখনো আমার অনেক সহকর্মী কান্না করছে, আসতে পারছে না। আমরা সত্যিকারে মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝানোর চেষ্টা করছি। তাদের মোটিভেটেড করে মানুষের প্রয়োজনেই আমরা আবার চলে এসেছি।
তেজগাঁও থানার ওসি বলেন, সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব। জনগণকে বলব, আমাদেরকে আস্থায় নেয়ার জন্য। অনেক সময় আমরা আমাদের মেসেজটা বোঝাতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু, আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা অস্বীকার করবো না যে, আমাদের ভুল বা ব্যর্থতার জন্য আজকের এই অবস্থা। এগুলো কাটিয়ে ওঠে আগামী দিনে সত্যিকারে মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে, আমি আমার সহকর্মীদের নিয়ে সেই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব।










