ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ রেখে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালুর বিষয়ে ‘সবুজ সংকেত’ দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি কমিটি। শনিবার (১০ আগস্ট) ডিএমটিসিএলের একটি সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, কবে নাগাদ মেট্রো চলাচল শুরু হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশবক্স ও ফুটওভারব্রিজে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের পর ওইদিন বিকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরদিন ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাংচুরের ঘটনা ঘটে। ২২ জুলাই মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যায় তা নির্ধারণে মেট্রোরেল লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয় ডিএমটিসিএল। কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়।