রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গোসল করতে নেমে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টার পর মৃতদেহ ভেসে উঠল নদীতে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশে পর্যটক প্রিয়ন্ত দে (১৬) ও শাওন দত্তের (১৭) মৃতদেহ ভেসে উঠে। গত মঙ্গলবার এই একই জায়গায় তারা নিখোঁজ হন।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজ দুইজনের লাশ সকাল সাড়ে ৭টায় একই জায়গায় ভেসে উঠেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মৃতদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।