চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণগুলো পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের এসব বারের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।