রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘টেকসই সাংবাদিকতা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডয়েচে ভেলে একাডেমির ‘জার্নালিজম অফ দ্য ফিউচার’ প্রকল্পের আওতায় দক্ষিণ এশিয়া মিডিয়া উন্নয়ন কেন্দ্র (স্যাকমিড) ও রাবির সাংবাদিকতা বিভাগ যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে। এতে গণমাধ্যমের টেকসই উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় স্যাকমিডের উপপরিচালক সৈয়দ কামরুল হাসান বলেন, গণমাধ্যমের চাহিদা বাড়ছে, যা পূরণে নতুন দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন। সরকারের একার পক্ষে এটি সম্ভব নয়, তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে। আমরা নিয়মিতভাবে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এমন কর্মশালা আয়োজন করছি।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, গণমাধ্যমের মালিকানা সংকট সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। মালিকপক্ষের সদিচ্ছা ছাড়া গুণগত সাংবাদিকতা সম্ভব নয়। মালিক, সাংবাদিক, শিক্ষার্থী ও বুদ্ধিজীবীদের একসঙ্গে কাজ করতে হবে। তবেই গণমাধ্যম সঠিক পথে থাকবে।

কর্মশালাটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক সোমা দেব। এতে বিভাগের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।