বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ৬টার দিকে তার মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৮৩ বছর বয়সী নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্ষিয়ান এ নেতা অতীতে বিএনপি নেতৃত্বাধীন সরকারে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম-৯ ( কোতোয়ালি) আসনের এই সাবেক সংসদ সদস্য একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তার মৃত্যুর সংবাদে চট্টগ্রামে সমাবেশ স্থগিত করা হয়েছে।
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক ও সমবেদনা জানিয়েছেন।










