রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুরে ট্রাক চাপায় রিমা খাতুন (৩৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে ইয়ামনা (৪) নামের এক শিশু। রিমা রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কৈজুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভ্যানযোগে রিমা খাতুন ও তার মেয়ে বাড়ি ফেরার পথে সুলতানপুর ইউনিয়নের কৈজুড়ীতে মধুখালী থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো (ট-১১-১৯৮৫) ট্রাক ভ্যানটিকে চাপা দেয়।

এতে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। এ সময় ভ্যান থেকে ছিটকে সড়কে পরে ঘটনাস্থলেই মারা যান ভ্যানযাত্রী রিমা খাতুন।

এ সময় আহত হয় তার মেয়ে ইয়ামনা। পরে তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। তার মেয়ে ইয়ামনাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ফরিদপুর ধুলদি রাজাপুরের সিরাজ শেখের ছেলে ট্রাকচালক পারভেজ শেখসহ (২৪) ট্রাকটি আটক করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।