যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে প্রস্তাবিত বিসিক-২ শিল্পনগরীর জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার বিল হরিণার কানাইতলা মাঠে রামনগর ইউনিয়নের রামনগর, কাজীপুর, ভাটপাড়া ও তোলা গোলদারপাড়ার বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রামনগর ইউনিয়নের চার গ্রামের সহস্রাধিক কৃষক মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বিসিক কর্মকর্তারা ও ভূমি অফিসের লোকজন বিসিক-২ স্থাপনের লক্ষ্যে রামনগর ইউনিয়নের বিল হরিণায় ১ হাজার ৬০০ বিঘা জমির মাপজোক করে লাল ফ্লাগ টানিয়ে দিয়েছেন। অধিগ্রহণের জন্য যে জমির মাপজোক করা হয়েছে তা তিনফসলি আবাদি জমি। এ জমিতে বিসিক শিল্পনগরী স্থাপন করা হলে চার গ্রামের প্রায় আড়ায় হাজার মানুষ ভূমিহীন হয়ে পড়বে। সে সঙ্গে কর্মহীন হয়ে পড়বে প্রায় ৩০০ বর্গাচাষী।
মানববন্ধনে অংশ নেয়া রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিল হরিণার চারপাশে বসতি রয়েছে। এখানে শিল্পনগরী গড়ে উঠলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে ও বায়ুদূষণ ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদ নেতা অ্যাডভোকেট আবুল কায়েস, অধ্যাপক মুসাহাত আলী, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, তোরাপ আলী, আসাদুজ্জামান, শফিয়ার রহমান, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল মোড়ল প্রমুখ।










