এস আলম গ্রুপের চট্টগ্রামের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কারখানায় বন্ধের নোটিস টাঙানো হয়। এটি দেখে শ্রমিকেরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত নোটিসে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।
এস আলম গ্রুপ সূত্রে জানা গেছে, বন্ধ ঘোষণার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দক্ষিণ চট্টগ্রামের তিনটি উপজেলায় স্থাপিত এসব কারখানা বন্ধ রাখা হলেও শ্রমিকদের মজুরি অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।










