ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে গত ২০ জানুয়ারি থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ম মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী, গানম্যান, পুলিশ, আনসারদেরও স্ব স্ব দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে এনআইডি মহাপরিচালক, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর কাছে পাঠানো হয়েছে।










