বাগেরহাটের মোংলা বন্দরের শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজ এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের এলপিজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে চারজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দুজন ৬০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

দগ্ধ শ্রমিক ও তাদের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় কারখানায় কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ছয়জন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বসুন্ধরা এলপিজি কারখানায় সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় স্পার্কিং থেকে সৃষ্ট আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, মোংলার শেলাবুনিয়া এলাকার শাহ আলমের ছেলে সাইফুল (৩০), রামপালের ফয়লা বাজারের রফিক শেখের ছেলে তরিকুল ইসলাম (২৮), খুলনার বটিয়াঘাটার নুরল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের সোনাতুনিয়ার ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপালের পেড়িখালীর আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। দগ্ধদের মধ্যে থেকে নুর আলম ও হাসান সিকদারকে ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক খালিদ আঞ্জুম জানান, দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ওই দুজনের ৬০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।