চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায় সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনায় সাতজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো. জামাল (৩৮), রমজান আলী (২৮), রনি (২০), এছহাক আহমেদ (৪৮), আরশাদুর রহমান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত একেএসের কারখানায় হামলা চালায়। এ সময় তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচজন প্রহরীকে মারধর করে প্রধান ফটকের নিরাপত্তা বক্স ও একটি পিকআপ ভাঙচুর করে এবং প্রায় ২০ হাজার টাকা লুট করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে শুক্রবার কারখানার শিফট ইনচার্জ মো. আলাউদ্দিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একেএস স্টিল কারখানায় হামলার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।










