গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন জেলায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়।’
তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিটিং করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই দিকনির্দেশনার আলোকে রেলওয়ে মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। আজকে (গতকাল) সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মিটিং হলো।’
মন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদ উপলক্ষে এবার অসংখ্য গরুর ট্রাকও আমাদের সড়কে যাতায়াতের সুযোগ করে দিতে হবে। এজন্য রাজধানীর দোলাইরপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশ দেয়া আছে। যাতে তারা যত্রতত্র থেকে বাসে যাত্রী ওঠানামা না করান।’
মন্ত্রী বলেন, ‘সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকবে। বড় ধরনের কোনো যানজট হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
শেখ রবিউল আলম বলেন, ‘এবারের ঈদযাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে উঠতে পারবে। এজন্য টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করে দেয়া আছে।’
মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় ফেরি পারাপারে সুনির্দিষ্ট নির্দেশ দেয়া আছে। ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিতে হবে। এছাড়া ফেরিতে ওঠার আগে বাসের গতি নিয়ন্ত্রণ করাসহ পন্টুনে ব্যারিকেড দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’
মন্ত্রী আরো বলেন, ‘এবারের ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে তিনদিনে ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’
দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু করার পরিকল্পনার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি।’ এ সেতু নির্মিত হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এক সাংবাদিক প্রশ্ন করলে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘এ বিষয়ে পরিকল্পনা নেয়া হয়েছে। তিনটি প্রস্তাব আছে। তার ১ নম্বর প্রস্তাব আপনি যেটা বলেছেন ওই রুটে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি বলব আমি এ মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট (এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পূর্ণ হয়েছে)। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।’










