নির্বাচনী কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করায় জরিমানা দিলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগে বলা হয়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সরকারি ‘স্বপ্নযাত্রা’ নামে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়েছিল।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজীকে এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন থেকে তৃণমূল পর্যায়ে মানুষের সেবা নিশ্চিতের জন্য সরকারিভাবে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সটি দেয়া হয়েছে। কিন্তু রোববার সন্ধ্যায় চেয়ারম্যান মিন্টু ফরায়েজী ওই অ্যাম্বুলেন্সযোগে লোকজন নিয়ে জেলা শহরে সংসদ সদস্য প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসায় যান। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের তিন সপ্তাহ আগে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারে কাজ করেও তিনি বিধি লঙ্ঘন করেছেন। এতে তাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১৪ এর ২’ লঙ্ঘনের দায়ে ‘বিধি ১৮’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজী বলেন, আমি একটু অসুস্থ। এরপরও দুজন ইউপি সদস্য নিয়ে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সে করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে লক্ষ্মীপুর গিয়েছি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের কথা জানান। আমি সোমবার সকালে দেখা করব বলেছি।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স রোগীদের সেবার জন্য দেয়া হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজী নির্বাচনী কাজে এটি ব্যবহার করেছেন। ভোটের ৩ সপ্তাহ আগে প্রার্থীর পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ওই ইউপি চেয়ারম্যানকে জরিমানা করেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় মতবিনিময় সভা করে গত ২ ডিসেম্বর বিকালে আচরণ বিধি লঙ্ঘন করেন রায়পুরের উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সোহেল। একইদিন সন্ধ্যায় ভ্রাম্যামণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এবারও নৌকার প্রার্থী।