ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার শুরু করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ফেরি চলাচল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, আরিচা-কাজিরহাট নৌরুটে ৮ ঘন্টা ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় উভয় ঘাটে ১২টি ফেরি আটকে রাখা হয়। অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দুই ঘাটে ৫টি ফেরি অপেক্ষায় ছিল।

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে প্রায় ছয় শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পন্যবাহী ট্রাক। বাকীগুলো নৈশ কোচ, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস ও কিছু কাঁচামাল বাহী পিকআপ ভ্যান ছিল। পাটুরিয়াঘাটে কয়েকটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও পারের অপেক্ষায় আটকে ছিল। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ও সকাল ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

প্রথমে নৈশকোচ ও যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পার করানো হচ্ছে। এরপর পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা নাসির চৌধুরী।