নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনায় ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালায়। এ সময় সাহারিয়া স্টোর, বায়েজিদ স্টোর ও শাওন স্টোর থেকে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, বিক্রয় ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।










